২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বার্ড ফ্লু আক্রান্ত ১৪শ’ মুরগি নিধন

সিরাজগঞ্জে মহাসড়কে গাড়িতে তল্লাশি চালিয়ে বার্ড ফ্লু আক্রান্ত ১৪শ’ মুরগি আটকের পর নিধন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

সিরাজগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে মহাসড়কে গাড়িতে তল্লাশি চালিয়ে বার্ড ফ্লু আক্রান্ত ১৪শ’ মুরগি আটকের পর নিধন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ওয়াহেদুল ইসলাম জানান, সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব ও পুলিশের সহায়তায় মুরগিবাহী যানবাহনে তল্লাশি করা হয়। দুপুর ১টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাকে ১৪শ’ মুরগি পেয়ে সেগুলো পরীক্ষা করা হয়। বার্ড ফ্লু লক্ষণ নিশ্চিত হওয়ার পর সেগুলো আটকে রাখা হয়। এ ছাড়া রোগাক্রান্ত মুরগি পরিবহনের অভিযোগে ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। ওয়াহেদুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেনের উপস্থিতিতে মুরগিগুলো মাটিতে পুতে ফেলা হয়েছে। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তর, র‌্যাব ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৩ ঘ.