ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে ১৯৯৬ সালের কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা মামলা বাতিলে প্রিমিয়ার সিকিউরিটিজের চার শীর্ষ কর্মকর্তার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এম ইনয়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
একইসঙ্গে ওই মামলার কার্যক্রমে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছে আদালত।
আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশিদ বলেন, “এর ফলে বিচারিক আদালতে ওই চারজনের বিরুদ্ধে মামলা চালাতে আর কোনো বাধা রইল না।”
ওই চার কর্মকর্তা হলেন- প্রিমিয়ার সিকিউরিটিজ লিমিটেডের তখনকার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং দুই পরিচালক, আনু জায়গীরদার ও সাঈদ হোসেন চৌধুরী।
গাজী মামুনুর রশিদ বলেন, “১৯৯৭ সালে সিকিউরিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মামলাটি দায়ের করেছিল। পরে বিচারিক আদালত তা আমলে নিয়ে আসামিদের বিরদ্ধে পারোয়ানা জারি করে।”
পরে তারা মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করলে একই বছরের ২৪ অগাস্ট আদালত একটি রুল জারি করে এবং মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।
কারসাজির ফলে দেশের দুই শেয়ার বাজারের সূচক ফুলে ফেঁপে ওঠার পর ১৯৯৬ সালে ব্যাপক ধস নামে পুঁজিবাজারে। ফলে বহু বিনিয়োগকারী সর্বস্ব হারান।
ওই ঘটনায় এসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বেক্সিমকো, শাইনপুকুরসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে একাধিক মামলা হয়। এ রকমই একটি মামলায় প্রিমিয়ার সিকিউরিটিজ লিমিটেডের ওই চার জনকে আসামি করা হয়।
১৯৯৭ সালে ঢাকা মহানগর হাকিম আদালতে এসইসির করা মামলার অভিযোগে বলা হয়, আগের বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ওই চারজন বিভিন্নভাবে শেয়ার কারসাজি করেছেন। এতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিনেন্সের ১৭ ধারা ভঙ্গ হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।
এসইসির পক্ষে এ মামলায় শুনানি করেন অ্যাডভোকেট ড. আবুল কাশেম মোহাম্মদ আলী। চার আসামির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট সাফায়াত সুলতানা রুমী।
রায়ের পর অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ের ফলে আসামিদের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে আর কোনো বাধা নেই। রায়ে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার আদেশ দেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৪২ ঘ.
bdnews24