২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা: পুলিশকে জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় খিলগাঁও থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আলম বাদশাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় খিলগাঁও থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আলম বাদশাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারণ দর্শাও নোটিশের জবাবে আলম বাদশা যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক না হওয়ায় ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান বুধবার এই দণ্ডাদেশ দেন। কাদেরের ওপর নির্যাতনের ঘটনায় হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন আলম বাদশা। গত বছরের ১৫ জুলাই বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এরপর মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি অস্ত্র ও ডাকাতিচেষ্টার অভিযোগে দুটি মামলা হয় খিলগাঁও থানায়। আলম বাদশা এরই একটি মামলার বাদী। গত ২৬ জানুয়ারি মহানগর হাকিম রেজাউল করিম এ মামলা থেকে কাদেরকে অব্যাহতি দিয়ে আলম বাদশাকে কারণ দর্শাতে বলেন। আদালতের পেশকার রুহুল আমীন জানান, অর্থদণ্ডের এক হাজার টাকা আলম বাদশা ইতোমধ্যে আদালতে পরিশোধ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭০৪ ঘ.