নোয়াখালী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগের একটি বাড়ি থেকে হিজবুত তাওহিদের পাঁচ নারী সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রামবাসী ওই বাড়িতে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
সেনাবগ থানার ওসি সাজেদুর রহমান জানান, বুধবার ভোরে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ছয় জন হলেন- কোহিনূর বেগম (২৮), কলেজছাত্রী রহিমা ইসলাম সুমি (২০), মাদ্রাসাছাত্রী রাবেয়া আক্তার (১৫), গৃহবধূ নাছিমা আক্তার (২৫), স্কুলছাত্রী রিনা আক্তার (১৮) এবং মো. কিরণ (১৯)।
ওসি সাজেদুর বলেন, “তারা সবাই হিজবুত তাওহিদের কর্মী। তাদের সুধারাম মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাকান্দির মিজানুর রহমানের বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী বাড়িটি অবরুদ্ধ করে ফেলে। এক পর্যায়ে লোকজন ওই বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিজবুত তাওহিদের সদস্যদের থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত এলাকাবাসী তাদের ওপরও হামলা চালায়।
জনতা গ্রেপ্তারকৃতদের জঙ্গী সংগঠনের কর্মী অভিহিত করে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানায়। তখন পুলিশ হিজবুত সদস্যদের নিয়ে ওই বাড়ির একটি ঘরে আশ্রয় নেয়।
পরে জেলা সদর ও সোনাইমুুড়ি থেকে দাঙ্গা পুলিশ গিয়ে জনতাকে সরিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে বলে সেনাবগ থানার ওসি জানান।
সংঘর্ষে আহতদের মধ্যে দেলোয়ার হোসেন (৩৫), নূর মোহাম্মদ (৩৬), মো. ফারুক (২৮), ইয়াসিন (২৭), আবুল কালাম (৪০), আবুল বাশারকে (৩৬) বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৫ ঘ.
bdnews24