২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলাজট বিচার ব্যবস্থা ধ্বংস করছে: আইনমন্ত্রী

বিচার বিভাগের ওপর জনগণের আস্থা নষ্ট হওয়ার জন্য মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের ওপর জনগণের আস্থা নষ্ট হওয়ার জন্য মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। এই অবস্থার অবসানে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি মামলার সংখ্যা কমিয়ে আনার ওপর জোর দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর একটি হোটেলে ‘আয়কর ও মূসক বিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তি’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এই পরামর্শ দেন। আইনমন্ত্রী মঙ্গলবার সংসদে জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১২ হাজার ৪৪১টি এবং হাই কোর্ট বিভাগে ছিল ২ লাখ ৭৯ হাজার ৯২৩টি। একই সময়ে নিম্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ৬ লাখ ৩৯ হাজার ৩৫০টি এবং ফৌজদারি মামলার সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ১১০টি বলে সংসদে জানানো হয়। ‘আয়কর ও মূসক বিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তি’র অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, “দীর্ঘসূত্রতা ও মামলাজট আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিচারপ্রার্থীরা এখানে বিচার পেতে আসে। তবে কবে বিচার পেয়ে ফিরে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই।” বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি চালু করলাম। এখন আপনারা সিদ্ধান্ত নেন, কোথায় যাবেন। নিশ্চয়ই যেটা আপনাদের জন্য লাভজনক, সেখানেই যাবেন। বিকল্প বিরোধ নিষ্পত্তিই আপনাদের জন্য লাভজনক।” এই পদ্ধতির ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, “এটা প্রচলিত বিচার ব্যবস্থার সমান্তরাল নয়। এটা হচ্ছে, সম্মতিতে বিরোধ নিষ্পত্তি। পরিষ্কার কথা হচ্ছে, এই পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করতে হলে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। প্রচলিত বিচার ব্যবস্থায় সম্মতির কোনো বিষয় নাই। বিচারক যা রায় দেন, সেটা মেনে নিতে হয়।” “গ্রাম পর্যায়ে সালিশের মাধ্যমে বড় বড় বিরোধ নিষ্পত্তি করলে আমরা আমাদের বিরোধ নিষ্পত্তি করতে পারব না কেন?” বলেন তিনি। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার জন্য বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হচ্ছে বলে জানান মন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে ‘আয়কর ও মূসক বিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তি’র উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনবিআরের সদস্য (আয়কর নীতি) সৈয়দ মো. আমিনুল করিম, প্রথম সচিব (ভ্যাট) ড. মো. আব্দুর রউফ, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৪৭ ঘ.