২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে নয় জন ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরা হলেন- শরীফ হাসান শুভ (২১), শাহরিয়ার (২২), আনোয়ার হোসেন (২৫), শামসুল হুদা (২২), জামান (২১), ইমদাদুল হক (২৩), আব্দুর রহিম (২২), কামাল খান (২১) ও আব্দুর রহমান (২২)। পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, সংঘর্ষে ওয়াহিদ নামে পুলিশের এক হাবিলদার আহত হন। রাত ১টা নাগাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরিস্থিতি শান্ত রয়েছে। ছাত্ররা হলে ফিরে গেছে।” তবে পুনরায় যেন সংঘর্ষ না বাঁধে সে জন্য রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি। নীলক্ষেতে এক রেস্টুরেন্টে খাওয়ার সময় তর্কাতর্কির জের ধরে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ বাঁধে। ঘণ্টাখানেক স্থায়ী সংঘর্ষে আহতদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাবি প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা কলেজের ছাত্রদের তাদের ক্যাম্পাসে ফেরত পাঠিয়ে বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।” ঘটনা সম্পর্কে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়া ছাত্রদের দেখতে যান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা সম্পর্কে জানতে তদন্ত কমিটি হবে কি না সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। আহত ছাত্রদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে বলে জানান তিনি। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ কর্মকর্তা সৈয়দ নুরুল গুলির শব্দ শোনার কথা স্বীকার করে বলেন, “তা গুলির কি না বলতে পারব না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১২২ ঘ.