ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে আবাদি জমি দখল করে ইটভাটা তৈরি করার দায়ে এর মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এ ছাড়া দখল করা জমি ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, পরিবেশ ছাড়পত্র ছাড়া ইট উৎপাদনের কাজ চালিয়ে যাওয়ায় কিশোরগঞ্জের অষ্টগ্রামের মেসার্স আয়েশা ব্রিকসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০০৬ সালে পরিবেশ অধিদপ্তরের একটি জাল ছাড়পত্র দিয়ে ওই ইটভাটাটি স্থাপন করা হয়েছিলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মেঘনা নদীর তীরের স্থাপিত মেসার্স আয়েশা ব্রিকশ নামে ওই ইটভাটার আয়তন প্রায় ১২ একর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএল/২০৪২ ঘ.
bdnews24