ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওয়ারীতে আশিকুর রমান খান অপু হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর এক আসামিকে বেখসুর খালাস দিয়েছেন তিনি।
অপুকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় মামলার আসামি মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশেদ হোসেন মোল্লা রবিনকে মৃত্যুদণ্ড দেন বিচারক।
এছাড়া অপুর দুই ভাই আরিফুর রহমান খান সেতু ও আতিকুর রহমান খান বাপ্পীকে হত্যার চেষ্টার দায়ে রাসেল ও রবিনকে আরো দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
তবে মৃত্যুদণ্ড আগেই কার্যকর হয়ে গেলে এই দুজনের বাকি শাস্তি কার্যকর হবে না বলে উল্লেখ করা হয়েছে রায়ে।
অপু হত্যা মামলার আসামিদের মধ্যে মো. মাহবুব আলম মাহবুব, ইফতেখার বেগ ঝলক, মোহাম্মদ আলী মুন্না ও বিপ্লব চন্দ্র দাসকে যাজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া সেতু ও বাপ্পীকে হত্যার চেষ্টার দায়ে ওই চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার আসামি আতিক আহমেদ শিপলুকে বেকসুর খালাস দেন বিচারক। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আবু আবদুল্লাহ ভূইয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৩ মে সন্ত্রাসীরা ১২ লাখ টাকা চাঁদার দাবিতে ওয়ারীর ৪ নম্বর হেয়ার স্ট্রিটে অপুদের বাসায় যায়। সেখানে তাদের গুলিতে আহত হন অপু ও তার দুই ভাই।
আসামিরা তাদের মৃত ভেবে মোটর সাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ তিন ভাইয়ের মধ্যে অপু পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সেতু তার পা হারান।
এই ঘটনায় অপুর বড় বোন আতিয়া খান কেয়া সূত্রাপুর থানায় একটি মামলা করেন। ২০০৯ সালের ১২ এপ্রিল পুলিশ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
এ মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ৪৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। আসামিদের মধ্যে বিপ্লব শুরু থেকেই পলাতক। জামিনে থাকা মাহবুবও গত ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে যায়।
এছাড়া শিপলু জামিনে এবং বাকি আসামিরা এতোদিন কারাগারে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪১০ ঘ.
bdnews24