ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সাংসদ দাবি করেছেন, মহাসমাবেশের নামে জঙ্গি ও সন্ত্রাসীদের দিয়ে মানুষ হত্যার পরিকল্পনা নিয়েছিল বিএনপি।
বিষয়টি তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধও জানিয়েছেন তারা।
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কর্মসূচির কঠোর সমালোচনা করেন ক্ষমতাসীন দলের কয়েকজন সাংসদ।
‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার দাবিতে সোমবার রাজধানীতে সমাবেশ করে বিএনপি; যাতে সারা দেশ থেকে দলটির নেতা-কর্মীদের যোগ দেওয়ার কথা ছিল।
এ অবস্থায় শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকে যার জন্য সরকারি দল সংশ্লিষ্টদের অলিখিত নির্দেশকে দায়ী করেন পরিবহন মালিকরা। তবে সরকার এ ধরনের কোনো নির্দেশের কথা অস্বীকার করে।
সংসদে আলোচনায় সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, “বিএনপি সব সময় হত্যার রাজনীতি করে। সমাবেশকে কেন্দ্র করে শত শত বোমা ঢাকা শহরে এসেছিল।”
“সরকার যদি জানমালের নিরাপত্তা দিতে ব্যবস্থা না নিত তাহলে বোমা হামলা করত।”
তিনি বলেন, “মানুষ হত্যা করার মহাপকিল্পনা ছিল তাদের। জঙ্গি ও সন্ত্রাসীদের দিয়ে বোমা ফাটিয়ে মানুষ হত্যা করত।”
“এ পরিকল্পনার ঘটনা তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব।”
“পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র কাছ থেকে অর্থ নেওয়া নেত্রী কখনো দেশের জন্য নিরাপদ নয়” বলে মন্তব্য করেন এ সাংসদ।
সাংসদ অপু উকিল বলেন, “জামায়াত ও জঙ্গিকে ঢাকায় এনে হামলার মহাপরিকল্পনা নিয়েছিলো বিএনপি। লুটপাট ও হত্যার রাজনীতি করে এখন দলটি আন্দোলনের হুংকার দিচ্ছে।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘আইএসআই’র দালাল ও পাকিস্তানের এজেন্ট’ অভিহিত করে তিনি বলেন, “অর্থ নেওয়া বিষয়ে জাতীয় কমিশন গঠন করে তাদের বিরুদ্ধে বিচার করুন।”
খালেদা পাঁচ কোটি রুপি না নিয়ে থাকলে পাকিস্তানের সাবেক সেনা প্রধান আসলাম বেগ ও আবুধাবি ভিত্তিক পত্রিকা খালিজ টাইমসের মালিকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন তিনি।
খালেদা জিয়াকে উদ্দেশে করে অপু বলেন, “সাহস থাকলে চ্যালেঞ্জ করেন। তাদের বিরুদ্ধে মামলা করেন।”
পশুসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, “বিরোধীদলীয় নেত্রী পাকিস্তান রক্ষার জন্যে কাজ করেছেন। এখন যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যে কাজ করছেন।”
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে আরো বক্তব্য দেন মুহিবুর রহমান মানিক, রফিকুল ইসলাম, তহুরা আলী, মাজহারুল হক প্রধান, আবু তালহা, ফরিদুন্নাহার লাইলী, আনোয়ার হোসেন, র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী প্রমুখ।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
মাগরিবের নামাজের বিরতির পর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২১৫০ ঘ.
bdnews24