মানিকগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি হিউম্যান হলারের চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালককে।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলায় মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন হোসেন (১৮) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এসআই মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমন জেলার ঘিওর উপজেলার তরা এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। দুপুরে কলেজ থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল লিমন। পথে তরা সেতুর পূর্বপাশে পৌঁছালে পেছন দিক থেকে একটি হিউম্যান হলার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন মারা যায়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৯১৭ ঘ.
bdnews24