২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবলীগ নেতা খুন

ফেনীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ফেনী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। যুবলীগ নেতা মো. শহীদুল্লাহ মুহুরী (৪৫) সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। সোমবার ভোরে তার লাশ বাড়ির কাছে ফাজিলপুর রাজনগর প্রাথমিক বিদ্যালয় মাঠের একপাশে পাওয়া যায় বলে জানায় পরিবার ও পুলিশ। নিহতের বড় ছেলে শাহাদাত হোসেন সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১১টার দিকে একটি ফোন এলে তিনি বাড়ির বাইরে যান এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিহতের স্ত্রী আকলিমা বেগম সাংবাদিকদের বলেন, “ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে কয়েক বছর ধরে শহীদুল্লাহর বিরোধ চলছিল। ভাইয়েরা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলো।” ফেনী থানার ওসি মো. নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, শহীদুল্লাহ’র গলা, মাথা ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। পেটের একপাশ চিড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা যুবলীগ। দুপুরে একটি মিছিল ফেনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডে প্রতিবাদ সভা করে। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ। অপরদিকে জেলা আইনজীবী সহকারী সমিতি এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল, কালো ব্যাজ ধারনের কর্মসূচি দিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৫৬ ঘ.