ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঠোর নিরাপত্তা আর উৎকণ্ঠার মধ্যে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে প্রস্তুত করা হয়েছে মহাসমাবেশ মঞ্চ, যেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।
এ সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা দুপুর ২টায়। ঢাকা মহানগর পুলিশের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী বিকাল সাড়ে ৫টার মধ্যে শেষ করতে হবে সভার কার্যক্রম।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তিনি জাতির উদ্দেশ্যে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন।”
অনুমতি পেতে দেরি হওয়ায় রোববার রাতে বিএনপি কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি শুরু করে বিএনপি কর্মীরা। কাজ শেষ হয় সোমবার ভোরের দিকে।
সকালে সেখানে গিয়ে দেখা যায়, মঞ্চে লাল কার্পেট বিছানো হয়েছে। সারিবদ্ধভাবে বসানো হয়েছে চেয়ার। সংশি¬ষ্টরা জানান, বিএনপি ও ১৬ দলের শীর্ষ নেতারা মূল মঞ্চে বসবেন।
পুলিশের শর্ত অনুযায়ী ফকিরাপুল থেকে কাকরাইলের নাইটেঙ্গল পর্যন্ত শতাধিক মাইক লাগানো হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকেই নেতাকর্মীরা নয়া পল্টনে আসতে শুরু করেছেন। ১০টার পর কয়েক হাজার নেতা-কর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।
বিএনপির মহানগর আহবায়ক ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন ঐতিহাসিক এই কর্মসূচি শুরুর অপেক্ষা মাত্র।”
সরকারের ‘বাধা ও গণগ্রেপ্তারের’ পরও এ কর্মসূচিতে মানুষের ঢল নামবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মূল মঞ্চের চারপাশে দলীয়ভাবেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঞ্চের নিচে পশ্চিম দিকে বসার স্থান সংরক্ষিত রাখা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সেখানে ঢুকতে হবে নির্ধারিত কার্ড দেখিয়ে।
মহাসমাবেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ১০ হাজার স্বেচ্ছাসেবকের একটি দল গঠন করা হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল,মৎস্যজীবী দল ও উলামা দলের এই নেতা-কর্মীরা বিভিন্ন স্পটে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একটি মেডিকেল ক্যাম্প বসিয়েছে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে।
মহাসমাবেশ ঘিরে নেওয়া হয়েছে পুলিশ ও র্যাবের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নয়া পল্টন, ফকিরেরপুল, বিজয় নগরসহ আশেপাশের সড়কেও সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। উঁচু দালানগুলোতেও রয়েছে পুলিশি পাহারা।
পুরো শহরে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় সকাল থেকে রাজধানীতে চলছে হরতালের আবহ।
বিএনপির সহসম্পাদক আবদুল লতিফ জনি জানান, মহাসমাবেশের কার্যক্রম ইন্টানেটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। www.bnplive.com - এই ঠিকানায় সমাবেশের কার্যক্রম সরাসরি দেখা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১০৫০ ঘ.
bdnews24