২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বগুড়া থেকে ঢাকা যেতে পারেনি প্রায় ২শ বাস’

বাস চলাচল বন্ধ থাকায় নেতা-কর্মী বহনকারী প্রায় পৌনে দুশ বাস বগুড়া থেকে ঢাকা যেতে পারেনি বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 06:07 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

বগুড়া, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চলাচল বন্ধ থাকায় নেতা-কর্মী বহনকারী প্রায় পৌনে দুশ বাস বগুড়া থেকে ঢাকা যেতে পারেনি বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, উপদেষ্টা জানে আলম খোকা ও সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া থেকেই যে শুধু বাস যেতে পারেনি তা নয়, উত্তরাঞ্চলের ১১টি জেলা থেকে চলাচলকারী ঢাকাগামী কোনো বাসই বগুড়ার ওপর দিয়ে চলতে দেখা যায়নি রোববার। বাস স্ট্যান্ডগুলো সকাল থেকেই ছিল ফাঁকা। শনিবার রাত ১২টার পর থেকে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, লালমিনরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় ঢাকাগামী বাস চলাচল হঠাৎই বন্ধ হয়ে যায়। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীতে সোমবার মহাসমাবেশ করছে বিএনপি; যাতে সারা দেশ থেকে দলটির নেতা-কর্মীদের যোগ দেওয়া কথা। এ কর্মসূচির দিন এবং আগের দিন ঢাকার সঙ্গে দেশের বাস যোগাযোগ বন্ধ রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা এ জন্য সরকার ও সরকারি দল সংশ্লিষ্টদের ‘নির্দেশ’ থাকার কথা বললেও সরকার তা অস্বীকার করেছে। বগুড়ার ঠনঠনিয়ার বাস স্ট্যান্ড, সাতমাথা ও চারমাথা, বনানী কোচ কাউন্টারে গিয়ে ঢাকায় বাস যাতায়াত বন্ধের কারণ জানতে চাইলে কাউন্টারকর্মীরা বলেন, ঢাকা থেকে মালিক সমিতির নির্দেশে বাস বন্ধ রাখা হয়েছে। এসআর কাউন্টারের কর্মী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১২টার বগুড়া থেকে বাস ঢাকায় গেলেও ঢাকা থেকে রাতে কোন বাস বগুড়া আসেনি। তাই, বগুড়ায় বাসের সংখ্যাও কম। তিনি বলেন, “মূল্যবান গাড়ি রাস্তায় ছেড়ে দিলে কোন বড় ধরণের ক্ষতি হতে পারে এরকম ভেবে অনেকেই ঢাকাগামী বাস ছাড়েনি।” “এছাড়াও গাড়ি না ছাড়ার নির্দেশ তো রয়েছেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০০১ ঘ.