সাতক্ষীরা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগের দিন আ.লীগ ও ছাত্রলীগ একই স্থানে জনসভায় ডাকায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক ই এলাহী জানান, একই স্থানে আওয়ামী লীগের দুটি গ্র“পের মিটিং ডাকায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইদ-উজ-জামান জানান, বিএনপির মহাসমাবেশে দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগে উদ্যোগে রোববার বিকাল ৩টায় তাদের পূর্ব নির্ধারিত ছাত্র সমাবেশ হওয়ার কথা ছিলো।
সকালে ওই স্থানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেলিন যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সমাবেশ ডাকেন।
পরে সংঘর্ষ এড়াতে সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের নির্দেশে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক-ই-এলাহী ১৪৪ ধারা জারি করেন।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার বলেন, ছাত্রলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচির স্থানে উপজেলা আওয়ামী লীগের বিপথগামী সদস্য লেলিন সভা ডাকায় বিব্রতকর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
লেলিনের প্রতিক্রিয়া জানতে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৩৫ ঘ.
bdnews24