২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা ‘পুলিশ স্বাধীনভাবে কাজ করলে এতদিনে কিছু হত’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারলে এতোদিনে কিছু না কিছু হত বলে মন্তব্য করেছেন পুলিশের সাবেক এক মহাপরিদর্শক। জানাচ্ছেন আবু সুফিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে যাওয়ার পরও ঘটনা উদঘাটনে ব্যর্থতার জন্য পুলিশকে দুষতে রাজি নন পুলিশের সাবেক একজন মহাপরিদর্শক। তবে নিহত সাংবাদিক দম্পতির সহকর্মীদের অনেকে মনে করছে, পুলিশের ব্যর্থতাই কারণ। এক মাস পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতির হত্যাকারী সনাক্ত না হওয়ার বিষয়ে বিশেষজ্ঞ মতামত চাইলে রোববার সন্ধ্যায় টেলিফোনে পুলিশের সাবেক মহাপরিদর্শক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাধীনভাবে কাজ করতে পারলে নিশ্চয়ই তারা (পুলিশ) এতদিনে কিছু না কিছু করতে পারত।” বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর এক মাস পার হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটিএন বাংলায় রুনির সাবেক সহকর্মী (বর্তমানে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা) মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “এক মাসেও খুনিদের সনাক্ত করতে না পারা পুলিশের চরম ব্যর্থতা। প্রধানমন্ত্রী ও তার সরকার আন্তরিক হলেও পুলিশ তদন্তে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।” মামলার ‘কুলকিনারা’ করতে পুলিশ ‘ব্যর্থ’ কিনা প্রশ্ন করলে এনামুল হক বলেন, “ব্যর্থতা বলব না। যার কাজ তাকে স্বাধীনভাবে করতে দেওয়া উচিত। তারা তা (কাজটি) করতে না পারলে জবাবদিহিতার মধ্যে আনা হোক। আর পারলে অ্যাপ্রিশয়েট করা হোক।” ‘‘আর ৮/১০ জন নাগরিকের মতো আশা করবো যথাশিগগির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পর খুনী গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়”, বলেন তিনি। তবে এ ব্যাপারে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশের আরেক সাবেক মহাপরিদর্শক এস এম শাহজাহান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এস এম শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলা সংক্রান্ত বিষয়ে আমি কখনো কমেন্ট করি নাই। কমেন্ট করবোও না।” এদিকে, একমাসেও তদন্তের অগ্রগতি ও খুনি গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মাছরাঙা টেলিভিশন ও এটিএন বাংলার সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। মানববন্ধনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নিহতদের শিশুপুত্র মাহির সরওয়ার মেঘকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/২০১৮ ঘ.