২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ জেলায় পৌনে পাঁচশ’ গ্রেপ্তার

ঢাকায় চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াাতের প্রায় পৌনে পাঁচশ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াাতের প্রায় পৌনে পাঁচশ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, নাশকতার পরিকল্পনা করছে সন্দেহে বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপির দাবি, মহাসমাবেশ বানচালে সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে চালানো হয়েছে এই অভিযান। শনিবার রাত ও রোববার দিনভর অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছে। এদের মধ্যে বরিশালে ২০, ভোলায় ২০, নেত্রকোনায় ৪১, টাঙ্গাইল ৬৩, শেরপুর ১৯, গোপালগঞ্জে ২৬, মাগুরায় ৩৮, নোয়াখালীতে ১৬, পিরোজপুরে ২৭, রাজবাড়ীতে ৯, কিশোরগঞ্জে ৭, কুড়িগ্রামে ১০ এবং ফরিদপুরে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর বরিশাল: পুলিশের অভিযানে জেলার ১৩ থানা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ কার্যালয়ের ডিআইও-১ পরিদর্শক মো. রফিকুল ইসলাম। এদেরকে ৫৪ ধারা এবং মহানগর পুলিশ অধ্যাদেশের বিভিন্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভোলা: বিভিন্ন স্থান থেকে ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান। তবে ভোলার পুলিশ সুপার বশির জানান, বিএনপি’র কোনো নেতাকর্মী নয়, মামলার আসামি গ্রেপ্তার হয়ে থাকতে পারে। ফরিদপুর: সালথা থানার ওসি মো. আফসার উদ্দিন ও ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, ১৫১ ধারা ভঙ্গের অভিযোগে দুই থানা থেকে ছয় বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি। গোপালগঞ্জ: সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, সদর, কোটালিপাড়া ও মকসুদপুর উপজেলা থেকে জেলা বিএনপি’র সহ-সভাপতিসহ ১৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া খুলনা থেকে মাইক্রোবাসে ঢাকা যাওয়ার পথে আরো ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ: সদর, ভৈরব ও হোসেনপুর থেকে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার ওসি গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। কুড়িগ্রাম: বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী আটক করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান। সদর, উলিপুর, রৌমারি, রাজারহাট নাগেশ্বরী থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে জানান এসপি। মাগুরা: চার উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৫১ ধারায় ২১, সিআর মামলায় ১০, জিআর মামলায় ২ ও অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কন্ট্রোলরুম থেকে জানা গেছে। নেত্রকোণা: জেলার সদর, কেন্দুয়া, পূর্বধলা, মদন, দুর্গাপুর, কলমাকান্দা, খালিয়াজুরি, বারহাট্টা, মোহনগঞ্জ উপজেলা থেকে ৪১ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন সংশিষ্ট থানার ওসি। তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসাইন শনিবার রাতে জেলাজুড়ে অভিযান চালিয়ে ১৩ জন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী আটক করার কথা স্বীকার করেছেন। নোয়াখালী: নোয়খালীর সোনাইমুড়ি উপজেলায় ৪ জন, হাতিয়ায় ১ জন, চাটখিলে ৩ জন, সুবর্ণচরে ৩ জন, কবিরহাটে ২ জন, বেগমগঞ্জে ২ জন এবং সেনবাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ওসি গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানান। পিরোজপুর: জেলার বিভিন্ন বাস ও লঞ্চ টার্মিনাল থেকে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে। রাজবাড়ী: সদর ও বালিয়াকান্দি থানার পুলিশ শনিবার রাতে ৯ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে সদর থেকে চারজনকে ও বাকিদের বালিয়াডাঙ্গি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসি জানান। শেরপুর: জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি’র ১৫ ও জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইল: বিএনপি ও জামায়াতের ৬৩ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে সদর থানায় ১৫, সখীপুরে ১৮, নাগরপুরে ৬, ভূয়াপুরে ৪, মধুপুরে ৩, ধনবাড়ী ৩, গোপালপুরে ৩, ঘাটাইলে ৪, কালিহাতীতে ২, দেলদুয়ারে ৩ ও বাসাইলে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন জেলা বিএনপি’র সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা আহম্মদ আযম খান। সাভার: বিশৃংখলা সৃষ্টির আশঙ্কায় বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে লাগানো বিলবোর্ড. ফেস্টুন ও ব্যানার খুলে নিয়ে গেছে পুলিশ। নারায়ণগঞ্জ: মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ধরপাকড় অব্যাহত রয়েছে। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। মুন্সীগঞ্জ: জেলার লৌহজংয়ে গত ৪৮ ঘণ্টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। এরা হলেন, হলদিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাবিবুর রহমান বেপারী, কনকসার ইউপি ছাত্রদল প্রচার সম্পাদক মো. বাপ্পি ও মেদিনী মণ্ডল ইউপি বিএনপি নেতা আনোয়ার হোসন। চাঁদপুর: রোববার রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ৭৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের ডিআইও-১ মো. আতিকুর রহমান জানান, নাশকতা ও আইন-শৃঙ্খলা অবনতির আশংকায় পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ থেকে ১১ মার্চ পর্যন্ত বিএনপি’র ৪৪ জন, জামায়াতের ১৭ জন, শিবিরের ১১ জন ও খেলাফত মজলিসের ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুর: দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে জামায়াত-শিবির ও বিএনপির ২২ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নাশকতা চেষ্টা চালানোর অভিযোগ এনে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১১১ ঘ.