চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্টিল খাতে আধুনিক কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে তুরস্ক।
রোববার চট্টগ্রামে নগরীর একটি হোটেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির নেতাদের সঙ্গে তুরস্কের তার্কিস স্টিল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নামিক কামাল একিনসির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে স্টিল খাতে চট্টগ্রামকে অত্যন্ত সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন নামিক কামাল বলেন, অপরিশোধিত স্টিলে তুরস্ক ইউরোপে দ্বিতীয় এবং বিশ্বে দশম বৃহত্তম উৎপাদনকারী দেশ। তুরস্ক ১৮০টিরও অধিক দেশে উৎপাদিত এই সব স্টিল রপ্তানি করে।
বৈঠকে স্টিল খাতের উন্নয়নে বিভিন্ন তথ্য ও কারিগরি জ্ঞান আদান-প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান বিষয়গুলো উল্লেখ করে কামাল বলেন, এর ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধন রচনা করবে।
চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক শফি চৌধুরীসহ চট্টগ্রামের স্টিল খাতের প্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯২৬ ঘ.
bdnews24