পিরোজপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবাদমান সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শহরের বাজারের নড়াইল পাড়ায় শনিবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
ডালিয়া ইয়াসমিন (২৫) জিয়ানগর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি তার বড় বোন লায়লা আরজু বিউটির বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইলপাড়ায় লায়লা আরজু বিউটির বাসার পাশের সীমানা নিয়ে প্রতিবেশী সুশীল পাইক ও সুনীল পাইকের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে।
রাত ১২টার দিকে সুশীল ও সুনীল সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করতে এলে বিউটি ও ডালিয়া তাতে বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের রডের আঘাতে ডালিয়া মাথায় গুরুতর আঘাত পান। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৪টায় তিনি মারা যান।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে বিউটি বাদী হয়ে ছয় জনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে মামলার দুই নম্বর আসামি সুনীল পাইককে গ্রেপ্তার করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭১০ ঘ.
bdnews24