ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ট্রেজারারকে উকিল নোটিস পাঠিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
রোববার সকালে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীর পক্ষে এই নোটিস পাঠান।
নোটিসে নির্বাচনের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- তা এক সপ্তাহের মধ্যে জানানোর অনুরোধ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে জবাব না পেলে রিট দায়ের করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
নির্বাচনের দাবিতে মানববন্ধন
এদিকে রোববার বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার সামনে ডাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’ ব্যানারে একদল শিক্ষার্থী।
মানবন্ধনে বাংলাদেশের ভাষা আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে ডাকসু’র অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে সঙ্গীত বিভাগের শিক্ষার্থী মার্শেল মহাবুব বলেন, “স্বৈরাচারী শাসনামলে ডাকসু নির্বাচন হলেও বর্তমানে গণতান্ত্রিক সরকারগুলোর শাসনকালে কেন নির্বাচন হচ্ছে না, আমরা তা জানতে চাই।”
১৯৯০ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিলো।
বাশার শাওন নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত ডাকসুর জন্য টাকা নিলেও আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে।”
নির্বাচন না হলে কেন টাকা নেওয়া হয়- এমন প্রশ্ন বাশারের।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এনামুল হক বলেন, “ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের মতামতের তোয়াক্কা না করে প্রতিবছর ভর্তি ফি, জরিমানা ফি ও পরিবহন ফি বাড়ানো হচ্ছে।”
তিনি বলেন, ডাকসু কার্যকর থাকলে সিনেটে ডাকসুর প্রতিনিধি থাকত ফলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ স্বৈরাচারভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না এবং এ সমস্যার সৃষ্টি হতো না।
আগামী ১৫ মার্চ ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একই দাবিতে পরবর্তী লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন কর্মসূচিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এএল/১৬৩৫ ঘ.
bdnews24