২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে বাড়ি ফিরিয়ে দিলেন শেখ রেহানা

বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ১১ বছর আগে বরাদ্দ পাওয়া ধানমন্ডির সেই বাড়িটি জমিসহ সরকারকে ফিরিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ১১ বছর আগে বরাদ্দ পাওয়া ধানমন্ডির সেই বাড়িটি জমিসহ সরকারকে ফিরিয়ে দিয়েছেন। বাড়ির বরাদ্দ বাতিলের আইনি লড়াইয়ে ইতি টানার সাত মাস পর নিজের নামে থাকা জমিটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে রেহানা হস্তান্তর করেন শনিবার রাতে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হস্তান্তরের সময় রেহানার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। হস্তান্তরের পর প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, “যাক ভারমুক্ত হলাম।” হস্তান্তরের আগে শেখ রেহানা হাসতে হাসতে বলেন, “এক সরকার দেবে। আর, আরেক সরকার নেবে।” “আমার নামে এই সম্পত্তি থাকলে আবার মামলা দেবে। পলিটিক্স করি না। কিন্তু, মামলা খেতে হবে।” “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে- এটাই আমার জন্য বড়। অনেক দূর চলে এসেছি। এখন সম্মানের সঙ্গে থাকতে চাই।” এর আগে তিনি বলেন, “যখন দরকার ছিল তখন কেউ খোঁজ নেয়নি। অল্প বয়স থেকে চাকরি করে চলেছি। পড়াশোনাটা শেষ করতে পারিনি।” অনুষ্ঠানে উপস্থিত পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান জানান, শেখ রেহানা সরকারকে যে সম্পত্তি হস্তান্তর করেছেন তার বাজার মূল্য দু’শ কোটি টাকা। ২০০১ সালের জুলাই মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকার ধানমণ্ডির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাড়িটি শেখ রেহানার নামে বরাদ্দ করলে তিনি তা নগদ মূল্যে কিনে নেন। ২০০৫ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার বাড়িটি সরকারি মালিকানায় নিয়ে সেখানে ধানমন্ডি থানা স্থাপন করে যা এখনো থানা হিসাবে ব্যবহৃত হচ্ছে। ‘পুলিশ সদস্যরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে’ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারও শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হস্তান্তরকে ‘মহানুভবতা’ অভিহিত করে তিনি বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেখলাম- এই বাড়ির মূল মালিক সরকার নয়। তখন আমরা এই বাড়িটি দিয়ে দিতে চেয়েছিলাম।” “শেখ রেহানা তখন বাড়িটি ফেরত নিতে চাননি। জনগণের প্রয়োজনে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে মৌখিক নির্দেশ দিয়েছিলেন।” “ধানমন্ডির মতো এলাকায় এই বাড়িটি দিয়ে দেওয়া- যিনি দান করলেন, পুলিশ সদস্যরা এটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।” শেখ রেহানার কাছ থেকে জমিসহ বাড়িটি বুঝে নেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন পারভীন। এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন তেজগাঁও সার্কেলের সাব-রেজিস্ট্রার নিপেন্দ্র চন্দ্র নাথ। ‘ওর ট্যাক্স ফাইল হাওয়া ভবনে আটকে ছিল’ ধানমন্ডির জমি হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা ও শেখ রেহানা এক সঙ্গে আসেন। দুই বোনের বসার জন্য পাশাপাশি দু’টি সোফা রাখা ছিল। প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত সোফায় বসার পর শেখ রেহানা দেখতে পান অর্থমন্ত্রী আবুল মাল আল মুহিত একটু দূরে একটি সোফায় বসে আছেন। তখন বঙ্গবন্ধুর ছোট মেয়ে অর্থমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তাকে প্রধানমন্ত্রীর পাশে বসার অনুরোধ করতে থাকেন। এক পর্যায়ে অর্থমন্ত্রী পাশে এসে বসার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ জানালে মুহিত আসন পরিবর্তন করেন। তখন হাসি মুখে শেখ রেহানা বলেন, “প্রধানমন্ত্রীর কথা শুনলেন, আমরা অনুরোধ রাখলেন না।” পরে অর্থমন্ত্রী শেখ রেহানার সম্পত্তি হস্তান্তর প্রসঙ্গে বলেন, “বঙ্গবন্ধুর কন্যা হিসাবে মহানুভবতার পরিচয় দিয়ে গেল শেখ রেহানা।” এর আগে শেখ হাসিনা বলেন, “শেখ রেহানা এই বাড়িটি ব্যবহার না করলেও তাকে খাজনা দিতে হচ্ছে। ওর ট্যাক্স ফাইল তো হাওয়া ভবনে আটকে রাখা হয়েছিল।” “মন্ত্রিসভায় সিদ্ধান্ত হলেও ভাড়া বাসায় থানা না করে, শেখ রেহানার জমিতেই থানা করা হয়,” যোগ করেন তিনি। ‘রেজিস্ট্রি ফি’ বেশি বলেই শেখ রেহানা রিট আবেদন প্রত্যাহার করে নিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পত্তিটি নিজেদের নামে করতে পারছিলো না। সেই জন্যই শেখ রেহানা তার অধিকার ছেড়ে দেওয়া সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করেন। ২০০৫ সালে জমিতে থানা হওয়ার পরের বছর উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন শেখ রেহানা। ‘উৎসর্গ করার মানসিকতা থেকে’ তিনি ওই আইনি লড়াইয়ে ইতি টানেন গত বছরের অগাস্টে। তাকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইনের আওতায়। চারদলীয় জোট সরকার সেই আইন ও বরাদ্দ বাতিল করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ পাশ করা হয়। ওই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন এসএসএফ অর্ডিন্যান্স-১৯৮৬ অনুযায়ী ভিআইপি হিসাবে সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ওই আইন অনুযায়ী সরকার পরিবারের সদস্যদের প্রত্যেকের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসন ব্যবস্থা করবেন বলেও উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩০৬ ঘ.