২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর হোটেলগুলো বোর্ডারশূন্য

বিএনপির সমাবেশের দুই দিন আগে বোর্ডারশূন্য হয়ে পড়েছে রাজধানীর আবাসিক হোটেলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সমাবেশের দুই দিন আগে বোর্ডারশূন্য হয়ে পড়েছে রাজধানীর আবাসিক হোটেলগুলো। পুলিশের বিশেষ তল্লাশি এবং ‘নিষেধাজ্ঞার’ কারণে বোর্ডার নেওয়া বন্ধ রেখেছেন বলে জানিয়েছে বিভিন্ন হোটেলের কর্মকর্তারা। একইসঙ্গে বিভিন্ন ভবন ও বাসায়ও অতিথি না রাখতে পুলিশ অনুরোধ করেছে। বিএনপির ১২ মার্চের ‘ঢাকা চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে; যদিও পুলিশ এই অভিযানকে নিয়মিত অভিযান বলছে। রাজধানীর তোপখানা রোড়ের হোটেল কর্ণফুলী’র কর্মচারী মো. আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের হোটেলে বোর্ডার প্রায় শূন্য। শনিবার দুপুরে দুই জন এসেছে। আগেরসহ ২০জন বোর্ডার আছে। স্বাভাবিক দিনে হোটেলে ৭০/৮০ জন বোর্ডার থাকে বলে জানান তিনি। আশিক বলেন, “গোয়েন্দা পুলিশের লোক এসে নতুন বোর্ডার না রাখতে বলে গেছে। একই সঙ্গে যে সব বোর্ডার আছে তাদের একটি তালিকা নিয়ে গেছে।” নবাবপুর রোডের হোটেল নিগারের মালিক হাজী হাফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের হোটেলের ৬৭টি কক্ষের মধ্যে সাত থেকে আটটি কক্ষে বোর্ডার আছে। তিনি বলেন, “বোর্ডার নেওয়ার ব্যাপারে পুলিশ কিছু শর্ত আরোপ করেছে।” হাজী ওসমান গণি রোডের হোটেল নিউ ঢাকার ম্যানেজার আনজারুল হক অবশ্য বলেছেন তাদের কেউ এ ধরণের নির্দেশনা দেয়নি। নবাবপুর রোডের আরেকটি আবাসিক হোটেল আরজু’র ব্যবস্থাপকর হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের হোটেলে বোর্ডারের সংখ্যা আগের তুলনায় অনেক কম। পুলিশের ‘নিষেধাজ্ঞার’ কারণে তারা খুব সর্তকভাবে বোর্ডার রাখছেন। তিনি বলেন, “রাত ১০টার পর পুলিশ বোর্ডার হোটেলে ঢুকতে নিষেধ করেছে।” সোমবারের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর হোটেলগুলোয় বোর্ডার না রাখতে পুলিশের পক্ষ থেকে নির্দেশনার খবর ইতিমধ্যে এসেছে গণমাধ্যমে। বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিন আগে অভিযোগ করেন, হোটেলে কক্ষ ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কারওয়ান বাজারের প্রায় সব আবাসিক হোটেলে পুলিশ বোর্ডার রাখায় নিষেধ করে গেছে বলে হোটেল আশরাফির কর্মচারী সালাউদ্দিন জানান। এখানকার বিভিন্ন হোটেলের ব্যবস্থাপক-কর্মচারীরা বলেন, যে সব বোর্ডার আছে তাদের ছবি তুলে রাখতে এবং রাত ১০টার পর হোটেলে ঢুকতে নিষেধ করে গেছে পুলিশ। এদিকে শুধু আবাসিক হোটেল নয়, বিভিন্ন বাসায় গিয়েও রবি ও সোমবার অতিথি না রাখতে নিরাপত্তাকর্মীদের বলেছেন পুলিশ। গত বৃহস্পতিবার আদাবর থানা এলাকার জাপান গার্ডেন সিটিতি গিয়ে অতিথি না রাখার জন্য পুলিশের পক্ষ থেকে বলে আসা হয়। শনিবারও এ ব্যাপারে তাগিদ দেয় পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার ওসি শামীম অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাপান গার্ডেন সিটি একটি স্পর্শকাতর এলাকা। এখানে যেন কোনো অতিথি না আসে এ ব্যাপারে কিছু বলা হয়নি।” “অপরিচিত কোন লোক যেন না আসে এ ব্যাপারে সর্তক থাকতে বলা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২২০৬ ঘ.