চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বিএনপির ১২ মার্চের সমাবেশকে সামনে রেখে বাস চলাচল কমিয়েছেন চট্টগ্রামের মালিকরা।
যে কয়টি বাস ঢাকা বা অন্যান্য জেলার উদ্দেশ্যে ছাড়ছে তার টিকিট দুটির বেশি কাউকে দেওয়া হচ্ছে না বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা।
তারা বলেন, রোববারের অগ্রিম বাসের টিকিটও দেওয়া হচ্ছে না।
তবে আন্তঃজেলা বাস মালিক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, অগ্রিম এবং দুটির বেশি টিকিট না দেওয়ার বিষয়টি ঠিক নয়।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা থেকে বাস রক্ষায় মালিকেরা দূরপাল্লার বাস চলাচল কমিয়ে দিয়েছেন বলে বিভিন্ন কাউন্টারের কর্মীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এছাড়া প্রায় প্রতিটি বাসে শুক্রবার রাত থেকে যাত্রীদের পুলিশ চেক করছে বলেও জানান তারা।
শনিবার বিকালে নগরীর বিআরটিসি, সিনেমা প্যালেস ও অলঙ্কার মোড়ে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা এ কথা বলেন।
বিএনপি দাবি করেছে, ঢাকার সমাবেশে বিএনপিকর্মীদের যাওয়া ঠেকাতে প্রশাসনের নির্দেশে বাস চলাচল ও টিকিট দেওয়া কমানো হয়েছে।
নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, “চট্টগ্রামের বিএনপি নেতা-কর্মীদের ঢাকা যাওয়া ঠেকাতে প্রশাসনের ইন্ধনে এসব কাজ করা হচ্ছে।”
তবে নগর পুলিশ কর্মকর্তারা তা অস্বীকার করে বলেছেন, কেউ বাস চালাতে না চাইলে আমাদের কী করার আছে।
বিএনপির সমাবেশকে সামনে রেখে দূরপাল্লার বাস চলাচলের ওপর কারও কাছ থেকে অলিখিত নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার করেছেন পরিবহন মালিক নেতারা।
বিআরটিসি মোড়ের সৌদিয়া কাউন্টারের কর্মী মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিকাল ৫টা পর্যন্ত পাঁচটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও গিয়েছে একটি। রাতেও বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।”
রোববারের আগাম টিকিট দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি জানান, কাউকে দুটির বেশি টিকিট দেওয়া হচ্ছে না।
একই তথ্য জানান ঈগল, শ্যামলী ও হানিফ পরিবহনের কাউন্টার কর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি বাসের অনেক দাম। বিএনপি’র সমাবেশকে সামনে রেখে অঘটন ঘটলে মালিককে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।”
তাই নিরাপত্তার বিবেচনায় মালিকরা আগাম টিকিট বিক্রি বন্ধ করেছেন বলে জানান ওই কর্মীরা।
কোন ষড়যন্ত্র করে ঢাকার মহাসমাবেশে যাওয়া আটকানো যাবে না- এ মন্তব্য করে আমীর খসরু বলেন, “চট্টগ্রামের কর্মীরা যে কোনো মূল্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।”
বিএনপির অভিযোগ অস্বীকার করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পক্ষ থেকে যানবাহন মালিকদের কাউকে কিছুই বলা হয়নি।”
“কোন মালিক গাড়ি চালাতে না চাইলে আমাদের কিছুই করার নেই।”
কফিল উদ্দিন বলেন, “কোনো পক্ষ থেকে কাউকে বাস চালাতে মানা করা হয়নি।”
তবে সা¤প্রতিক সময়ে দুই পক্ষের রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে মালিকরা উদ্বিগ্ন উল্লেখ করে তিনি বলেন, “এ কারণে চালকদের বুঝেশুনে গাড়ি ছাড়ার মৌখিক পরামর্শ দিয়েছেন মালিকরা। সে কারণে হয়তো গাড়ির সংখ্যা কমেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯১৬ ঘ.
bdnews24