ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক উন্নয়ন, জনসেবা এবং সবুজ বিশ্বকে রক্ষার লক্ষ্যে আগামী ১২ মার্চ ফ্রান্সের মার্সেইতে শুরু হচ্ছে বিশ্ব পানি ফোরামের ৬ষ্ঠ সম্মেলন।
আগামী ১৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় ছয় দিনব্যাপি এ সম্মেলনে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল শনিবার ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রী পর্যায়ের এ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি পানিসম্পদ মন্ত্রী ‘পানি সংশ্লিষ্ট দুর্যোগ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন।
সম্মেলনে পানি ও স্যানিটেশনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, সংসদ সদস্য, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থা (এনজিও) অংশ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৯০৬ ঘ.
bdnews24