গোপালগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের বৌলতলীতে ট্রাক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে।
শুক্রবার বিকালে গোপালগঞ্জের বৌলতলীতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মালবাহী ট্রাক হাটে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে পাঁচ জন মারা যান। আহত হন কমপক্ষে ২৫ জন।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বটবাড়ি গ্রামের ছেলে হারুন ফকির (৩২), করপাড়া গ্রামের ওবায়দুর রহমান শেখ (২০), কলপুর গ্রামের সিয়াম মোল্লা (৭), তেলিভিটা গ্রামের সুজন (৩০), নাসির শেখ (৩৪), বনগ্রামের হযরত মোল্লা (২৫) সাব্বির (১৪) ও বাবুল খান (৩৫)।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসিমুজ্জামান জানান, ফেনী থেকে ছেড়ে আসা মোড়েলগঞ্জগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৪/৫টি ভ্যান নিয়ে হাটের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জন এবং হাসপাতালে আরো ১ জনের মৃত্যু হয়।
হযরত, সাব্বির ও বাবুল শুক্রবার গভীর রাতে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।
আহত অন্যরা গোপালগঞ্জ হাসপাতাল ও খুলনা হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৮ ঘ.
bdnews24