কুমিল্লা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনায় একটি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার জন।
শনিবার বেলা সোয়া ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম চাঁদনি (২)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লা মহাসড়ক পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী শিশুসহ দুইজন নিহত হয়। ট্রাকটি আটক করা হয়েছে।
আহতদের মধ্যে নিহত শিশু চাঁদনির মা কুলসুম বেগমও রয়েছেন। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৩৪৪ ঘ.
bdnews24