ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা নূরের চালা বালু মাঠে শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন।
মনছুর আলম (২০) নামে ওই শ্রমিক বাড্ডা এলাকার মুক্ত ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়ার্কশপে কাজ করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে মনছুর সবার বড় ছিলো। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
মনছুরের বাবা মো. হুমায়ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তার ছেলে দুপুরে বাসা থেকে বের হয়েছিলো। সন্ধ্যার দিকে তিনি খবর পান কে বা কারা মনছুরকে ছুরিকাঘাত করে বালুর মাঠে ফেলে রেখেছে। সেখান থেকে ছেলেকে উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনছুরের সঙ্গে কারো বিরোধ ছিলো কিনা তা জানা যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির নায়েক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের বুকের বাম পাশে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২১০ ঘ.
bdnews24