২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসলে গিয়ে লাশ হয়ে ফিরলেন তিন জন

কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে দুই বোনসহ তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

কুমিল্লা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে দুই বোনসহ তিন জন। শুক্রবার সকাল ১০টায় গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহফুজা আক্তার, তারতুজা আক্তার ও তানজিনা আক্তার। এর মধ্যে মাহফুজা ও তারতুজা সহোদরা। তারা পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে পীরযাত্রাপুর ইউনিয়নের হোসেনপুরে এসেছিল। তার পাশেই গোবিন্দপুরে নদীতে গোসল গিয়েছিল তারা। নিহতদের সঙ্গী গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী তানিয়া আক্তার সাংবাদিকদের জানান, সকাল ১০টায় তার বোন পলি, আত্মীয়া মাহফুজা, তারতুজা, তানজিনা ও তাহমিনা নদীতে গোসল করতে যায়। তখন নদীর একটি গভীর গর্তে তারা পড়ে যায়। পলি ও তাহমিনা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই সহোদরা মাহফুজা ও তারতুজা এবং তানজিনা পানিতে তলিয়ে যায়। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিন জনই মারা গেছেন। মাহফুজা ও তারতুজা বুড়িচং উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে। তারা চট্টগ্রাম থাকেন। মাহফুজা চট্টগ্রাম সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছিল এবং তারতুজা এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। তানজিনা একই উপজেলার এতবারপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি চট্টগ্রামে ব্র্যাকের একটি স্কুলে শিক্ষকতা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.