ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে যাত্রাবাড়ীর দনিয়ায় পলিথিন ব্যাগে এক ব্যক্তির আট টুকরা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির মাথা পাওয়া যায়নি।
দনিয়ার পোস্ট অফিস গলি দিয়ে ঢুকলেই বর্ণমালা স্কুল। এর পেছনে একশ’ গজের মধ্যে সকালে নীল রঙের পাঁচটি ব্যাগে লাশের আট টুকরা পাওয়া যায়।
স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় হত্যা করে ব্যাগভর্তি লাশের ওই টুকরা হাঁটার ছলে কেউ ফেলে গিয়েছেন। কারো কারো ধারণা, পাশের কোনো বহুতল ভবনেও এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনাস্থল রসূলপুরের ওই রাস্তার দুই পাশে অনেকগুলো বহুতল ভবন রয়েছে।
রসুলপুর এলাকার বাসিন্দা মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে রাস্তার পাশে ব্যাগগুলো পাওয়া গেছে এর দুপাশেই বহুতল ভবন রয়েছে। সামনে দনিয়া কলেজ। লোকজন দিনরাত এ রাস্তা দিয়ে চলাফেরা করে। পাশে কোথাও এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”
মস্তকবিহীন লাশের আট টুকরার পাশাপাশি একটি ব্যাগে খাকি রঙের প্যান্ট ও ধূসর রঙের শার্ট পাওয়া গেছে।
যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টুকরা করা লাশের পরিচয় এখনো জানা যায়নি। তাছাড়া একটি পলিথিনের মধ্যে যে প্যান্ট ও শার্ট পাওয়া গেছে সেগুলো নিহত ব্যক্তির কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
তবে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তারও ধারণা। লাশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৬১৩ ঘ.
bdnews24