২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আশা ভোঁসলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 06:11 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। বৃহস্পতিবার রাতে এ সাক্ষাতের সময় আশা বলেন, বাংলাদেশে আসতে পেরে তিনি খুবই আনন্দিত; কেননা এ দেশকে তিনি খুব ভালবাসেন। এটি বাংলাদেশে তার দ্বিতীয় সফর- এ কথা জানিয়ে এ সঙ্গীতশিল্পী বলেন, “এ দেশে আবার আসার সুযোগ পেলে আমি খুবই খুশি হব।” এ সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর-এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধামন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর উপ প্রেস সচিব সাংবাদিকদের এসব কথা জানান। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া আশা ভোঁসলে মাত্র ১০ বছর বয়সে গাইতে শুরু করেন যা এখনো থামেনি। হাজারখানেকের বেশি ভারতীয় চলচ্চিত্রে তিনি গান করেছেন। হিন্দি ছাড়াও ভারতের অন্যান্য এবং বিদেশি মিলিয়ে ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। চলচ্চিত্রে গাওয়ার পাশাপাশি তিনি পপ, গজল, ভজন, ধ্র“পদী সঙ্গীত, লোকসঙ্গীত, কাওয়ালী এবং রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন। সবচেয়ে বেশি গান রেকর্ডকারী শিল্পী হিসাবে ২০১১ সালে তার নাম ওঠে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তিনি ভারতে চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ সরকারি সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন ২০০০ সালে; দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্ম বিভূষণে ভূষিত হন ২০০৮ সালে। তার বোন লতা মঙ্গেশকার ভারতের আরেক প্রখ্যাত সঙ্গীতশিল্পী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০০৭ ঘ.