ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি জোটের মহাসমাবেশের তিন দিন আগে ঢাকা দক্ষিণ এবং কুমিল্লা দক্ষিণের জামায়াত আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকায় গ্রেপ্তার আবুল হাসেম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের চড়াইল গ্রামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
কেরানীগঞ্জে মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ মার্চের সমাবেশে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
“ইতোপূর্বে বিএনপির হরতালের আগের দিন গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন নাশকতায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে,” বলেন তিনি।
একইদিন জামায়াতের কুমিল্লা মহানগর দক্ষিণের আমির ও ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় গলিয়ারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর দক্ষিণ থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “১২ মার্চ ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য তিনি তার এলাকায় কিছু লোকজনকে টাকা দিয়ে সংগঠিত করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।”
বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন- সাতক্ষীরা শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং ছাত্রশিবিরের সদস্য আবুল কাশেম।
রাজধানীতে বিএনপির ১২ মার্চের সমাবেশকে সামনে রেখে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শ্যামনগর থানার ওসি আলমগীর হোসেন।
একই রাতে চট্টগ্রামে বিএনপিনেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী সন্দেহে গ্রেপ্তার করা হয় আট জনকে; যাদের বাড়ি সালাউদ্দিনের বাড়ির (রাউজান) পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গুনিয়ায়। তাদেরও গ্রেপ্তার করা হয় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে।
আগামী ১২ মার্চ ঢাকায় খালেদা জিয়ার ডাকা মহাসমাবেশে জাময়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোর কর্মী-সমর্থকরা সারাদেশ থেকে যোগ দেবে।
এই সমাবেশ ঘিরে সরকারি দল নাশকতার কথা বলে এলেও বিএনপি উল্টো অভিযোগ করছে, বিভিন্নভাবে তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/প্রতিনিধি/এমআই/পিডি/০১২১ ঘ.
bdnews24