ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর খুনিদের চিহ্নিত কিংবা কাউকে তিন দিনেরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার মধ্যরাতে গুলশানে গুলিবিদ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান এই সৌদি নাগরিক। বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ সৌদি আরব পাঠানো হয়েছে।
এই ঘটনায় পুলিশের করা মামলা গুলশান থানা পুলিশের পাশপাশি গোয়েন্দা পুলিশ এবং সিআইডি তদন্ত করছে।
তদন্তের অগ্রগতি জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি। কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
“তবে পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে,” বলেন তিনি।
খালাফের হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরব ইতোমধ্যে তদন্ত দল পাঠানোর আগ্রহের কথা জানিয়েছে। এতে বাংলাদেশের অমত নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পুলিশ কর্মকর্তা কবীর বলেন, “আমরা আগে মোটিভ বের করার চেষ্টা করছি। থানা পুলিশের সঙ্গে অন্য সংস্থার সদস্যদের নিয়মিত সমন্বয় বৈঠকও হচ্ছে।”
একজন বিদেশি হত্যার এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যতদ্রুত সম্ভব রহস্য উদঘাটনের জন্য পুলিশ তার সাধ্যমতো কাজ করে যাচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন, সৌদী রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎসহ সার্বিক বিষয় তিনি নিজেও দেখভাল করছেন বলে জানান হাসান মাহমুদ।
এদিকে খালাফের লাশ নিয়ে বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে বিশেষ একটি বিমান শাহজালাল বিমানবন্দর ছেড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিমানবন্দর আমর্ড পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী।
এর আগে বেলা পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের হিমঘরে লাশ সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। লাশটি গ্রহণ করেন ঢাকায় সৌদি আরব দূতাবাসের লিগ্যাল অ্যাডভাইজার মোহাম্মদ জসিমউদ্দিন সরকার।
তিনি সাংবাদিকদের জানান, সৌদি সরকারের ভাড়া করা বিশেষ বিমানে করে লাশ পাঠানো হচ্ছে।
ঢাকা ছাড়ার আগে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের পাশের মসজিদে খালাফের জানাজা হয়।
মঙ্গলবার মারা যাওয়ার পর খালাফের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে আনা হয়। ময়নাতদন্তে দেখা গেছে, বুকে একটি গুলি লাগার পর অতিরিক্ত রক্তক্ষরণেই খালাফের মৃত্যু হয়েছে।
হত্যাকাণ্ডের ৩৪ ঘণ্টা পর বুধবার দুপুরে গুলশান থানায় অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তদের আসামি করে মামলা করে পুলিশ।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সৌদি দূতাবাসের লিগ্যাল অ্যাডভাইজার কোনো কথা বলতে রাজি হননি।
তিনি ঢামেক মর্গে সাংবাদিকদের বলেন, “এটি স্পর্শকাতর বিষয়, একটি জাতীয় ইস্যু। এর ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/২১৫১ ঘ.
bdnews24