ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ঘোষণার মধ্য দিয়ে দুই দিনের এশিয়া অঞ্চলের প্রথম নারী পুলিশ সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা ঘোষণা পড়েন বাংলাদেশ মহিলা পুলিশ নেটওয়ার্কের সভাপতি পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক রৌশন আরা বেগম। ঘোষণায় স্বাক্ষর করেন রৌশন আরা বেগম এবং আন্তর্জাতিক এসোসিয়েশন অব উইমেন্স পুলিশের সভাপতি জেন টাউনসলি।
পরে তিনি সাংবাদিকদের জানান, ঢাকা ঘোষণার মূল বিষয় হচ্ছে কাজের মধ্যে কোনো বৈষম্য ছাড়াই নারী-পুরুষ সমান ভাবে দায়িত্ব পালন করা।
অনুষ্ঠানে শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার সম্মেলনে অংশগ্রহকারী বিভিন্ন দেশের নারী পুলিশ সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন।
পুলিশ স্টাফ কলেজে বিকালে এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
মহাপরিদর্শক বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বিভিন্ন দেশের নারী পুলিশের কাজের পরিধি নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়েছে।
তিনি জানান, বর্তমান সরকার ৩২ হাজার পুলিশ নিয়োগের যে কার্যক্রম চালাচ্ছে তার একটি বড় অংশ রয়েছে নারী পুলিশ।
“তাছাড়া নারী পুলিশ এখন অনেক গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন যে সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।”
এ সম্মেলনে মূল প্রতিপাদ্য ছিল ‘লিডারশিপ ফর পুলিশ উইমেন্স এশিয়া’।
ঢাকা ঘোষণায় আটটি গাইড লাইন নীতিমালাসহ ১০টি কর্মপরিকল্পনা ও ১০টি সুপারিশ গৃহীত হয়। এছাড়াও ৮ দফা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়।
এ ব্যপারে রৌশন আরা বেগম বলেন, আমরা ক্রমান্বয়ে ঢাকা ঘোষণা বাস্তবায়ন করব।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, চীন, জাপান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, হংকং, সিঙ্গাপুরসহ জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেয়। এ সম্মেলনে ৩৯ জন বিদেশি অতিথি এবং দেশের এএসপি ও তদূর্ধ্ব ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১৪৩ ঘ.
bdnews24