ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে জানালার গ্রিল কেটে এক বাসায় চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাড়ির নিরাপত্তকর্মীসহ দুজনকে আটক করেছে।
বুধবার দিবাগত রাতে গুলশান ১২০ নম্বর রোডের ১৬ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে ওই ফ্ল্যাটের বাসিন্দা আবু ইউসুফ মোহাম্মদ মুসা তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে বাসার জিনিসপত্র এলোমেলো এবং ফ্ল্যাটের জানালার গ্রিল কাটা দেখতে পান।
পরে মুসা বাসার জিনিসপত্র তল্লাশি করে বুঝতে পারেন তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি পুলিশকে খবর দেন।
বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে মুসা পুলিশকে জানিয়েছেন।
ওসি বলেন, চুরি ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির পাহারাদার আলমগীর ও অফিস সহকারী আকমতকে আটক করা হয়েছে।
বাসাটি ভারতীয় দূতাবাসের বিপরীতে অবস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৯৪১ ঘ.
bdnews24