২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্র পরিবর্তনের দাবিতে নেত্রকোনায় রেল অবরোধ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় রেল অবরোধ করেছে পূর্বধলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

নেত্রকোনা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় রেল অবরোধ করেছে পূর্বধলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে স্টেশন এলাকায় এ অবরোধ চলাকালে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। পরে বিকালের দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। ওই কলেজের পরীক্ষার্থী মামুনুর রশীদ জানান, এ কলেজের পরীক্ষার্থীদের প্রতি বছরই পূর্বধলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হচ্ছে। অথচ শ্যামগঞ্জ-পূর্বধলা সড়ক চলাচলের অনুপযোগী এবং পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদেরকে ব্যাপক আবাসিক সমস্যায় পড়তে হয়। নিজ কলেজ অথবা সদরের মহিলা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষার ব্যবস্থা করারও দাবি জানান তিনি। কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার এ কলেজ থেকে ৬৮০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। গত ১ মার্চ থেকে এ কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ লাগাতার কর্মসূচি পালন করছেন। দুপুরে পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা রেলপথ অবরোধে অংশ নেয়। তবে তারা স্টেশন বা ট্রেনের কোনো ক্ষতি করেনি। এ সময় স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে জানান স্টেশন মাস্টার। পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ রহমান জানান, অবরোধকারীরা রেলপথে অবস্থানসহ টায়ার জ্বালিয়ে, রাস্তায় সাইকেল, মাটরসাইকেল ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৪৬ ঘ.