ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে এক পুলিশ কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে থামিয়ে স্বর্ণালংকার ও গাড়ি নিয়ে চলে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার ভোরে পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ের পেছনের সড়ক খিলজি রোডে অতিরিক্ত উপ মহাপরিদর্শক আবু মুসা মো. ফকরুল ইসলামের গাড়িতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আবু মুসা পুলিশ স্টাফ কলেজের ডাইরেক্টিং স্টাফ (গবেষণা ও মূল্যায়ন) বিভাগের সদস্য।
গাড়ির চালক ইমদাদুল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর পৌনে ৪টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে এক অত্মীয়ের মৃতদেহ দেখে মোহাম্মদপুর বাবর রোডের বাসায় ফিরছিলেন আবু মুসা ও তার কয়েকজন আত্মীয়। খিলজি রোডে হঠাৎ আরেকটি গাড়ি এসে গতিরোধ করে।
“ওই গাড়ি থেকে ৫-৬ জন নেমে পিস্তল ও চাপাতির ভয় দেখিয়ে গাড়িতে থাকা মহিলাদের কাছ থেকে গহনা ছিনিয়ে নেয়। তারপর আমাদের সবাইকে নামিয়ে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়”, বলেন ইমদাদুল।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরপরই পুলিশ মাঠে নেমেছে। আশা করছি অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।”
ছিনতাই হওয়া গাড়িটি আবু মুসার ভাতিজার বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24