গাজীপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় নছিমন ও বাসের সংঘর্ষে নসিমন যাত্রী পোশাক কারখানার অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে।
বৃহস্পতিবর ভোররাত ৪টার কালিয়াকৈর-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা ওই সড়ক অবরোধ করে এবং গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা রাতের পালার কাজ শেষ করে ভোরে বাড়ি ফিরছিলেন। চক্রবর্তী এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নসিমনটিকে চাপা দেয়। এতে ১০ জন গুরুতর আহত হন।
আহত শ্রমিকদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় তিন শ্রমিক মারা গেছে- এমন গুজব ছড়িয়ে পড়লে অন্য কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে একটি কর্ভাড ভ্যান ও একটি বাসে অগ্নিসংযোগ করে এবং কয়েকটি যান ভাংচুর করে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় দু’পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পরে গাজীপুর শিল্প পুলিশ ও চক্রবর্তী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে দুর্ঘটনায় কোনো শ্রমিক মারা যায়নি নিশ্চিত করলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায়। সকাল সাড়ে ৭টার দিকে ওই সড়কে যান চালাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১১৫২ ঘ.
bdnews24