২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংরক্ষিত নয়, নির্বাচিত প্রতিনিধি বলুন’

জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সাংসদদের ‘নির্বাচিত প্রতিনিধি’ সম্বোধনের পক্ষে মত এসেছে এক গোলটেবিলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সাংসদদের ‘নির্বাচিত প্রতিনিধি’ সম্বোধনের পক্ষে মত এসেছে এক গোলটেবিলে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় নারী জনপ্রতিনিধি: সম্ভাবনা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিলে অংশ নেওয়া সংরক্ষিত নারী সাংসদ ও স্থানীয় সরকার প্রতিনিধিসহ অন্যরা এ মত দেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ওই বৈঠকে সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন সুলতানা কামাল বলেন, “পুরুষতান্ত্রিক ধ্যান-ধারণা থেকে বেরিয়ে না আসতে পারলে নারীদের কাক্সিক্ষত অর্জন সম্ভব না। এ কারণে নারীরা পিছিয়ে আছে। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে, তবে অংশীদারিত্ব বাড়ছে না।” স্থানীয় সরকারের (ইউপি ও পৌরসভা) সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, “সংরক্ষিত শব্দটি বাদ দেওয়া বড় কথা নয়, আমাদের ধারণার পরিবর্তন আনতে হবে।” সংরক্ষিত আসনের সংসদ সদস্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন তারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছেন, তখন আর বারবার সংরক্ষিত কথাটি উচ্চারণ না করাই ভালো।” ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত আসনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, “আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছি, তাই আমাদের সংরক্ষিত আসনের প্রতিনিধি না বলে নির্বাচিত প্রতিনিধি বলা উচিত।” হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, “যে কোনো সমস্যা সমাধানের জন্য টিমওয়ার্ক প্রয়োজন। কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধিদের সমস্যা সমাধান করা সম্ভব।” “নারী প্রতিনিধিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে যথাযথ সুযোগ না পাওয়া।” সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, “সংরক্ষিত কথাটি বলার মাধ্যমেই নারীর অবস্থানকে হেয় করে রাখা হয়েছে, যা কেন্দ্রীয় ও স্থানীয় উভয় ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য।” স্থানীয় সরকার বিশেষজ্ঞ জারিনা রহমান খান বলেন, “ক্ষমতায়ন একটি প্রক্রিয়া যা একদিনে অর্জন সম্ভব নয়। পর্যায়ক্রমে পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায়নের গতিকে ত্বরান্বিত করা সম্ভব।” বগুড়া পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ডালিয়া খাতুন রিক্তা বলেন, “আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছি, তাই আমাদের সংরক্ষিত আসনের প্রতিনিধি না বলে নির্বাচিত প্রতিনিধি বলা উচিত।” এ ব্যাপারে আইন সংশোধনেরও দাবি জানান তিনি। তার পৌরসভার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, “পৌরসভায় ৯ জন মহিলা কাউন্সিলর আছি, কিন্তু আমাদের জন্য একটি রুম বরাদ্দ করা হয়েছে। সেখানে সবাই এক সঙ্গে এলে ঠিকমতো বসা যায় না।” বৈঠকে আরো বক্তব্য দেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কাউন্সিলর হামিদা বেগম, সাভার পৌরসভার কাউন্সিলর সুলতানা রাজিয়া, এবং চট্টগ্রামের পটিয়ার ঢোলঘাট ইউনিয়ন পরিষদের সদস্য শিলা দাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২৩০০ ঘ.