ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং উন্নয়নে কাক্সিক্ষত ফলাফল পেতে আন্তঃমন্ত্রণালয় পরামর্শ ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে তারা বলেন, প্রশাসনের কাজের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় পরামর্শ খুবই জরুরি। বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধান ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এ প্রক্রিয়ার বিকল্প নেই।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সচিবদের করা সুপারিশগুলো পরে সাংবাদিকদের জানান।
দুপুর ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে ৩৮ সচিব উপস্থিত ছিলেন। এর মধ্যে ৩০ জন তাদের বক্তব্য তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় পরামর্শকে গুরুত্ব দেওয়া হয়। আন্তঃমন্ত্রণালয় পরামর্শ না করা হলে কোনো আইন হলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। তাই এসব ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় পরামর্শ সভা করার পরামর্শ দেওয়া হয় সচিবদের।
তিনি বলেন, কোনো মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করলে আগেই সংশ্লিষ্টদের লিখিতভাবে জানাতে হবে কোন বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চান। এছাড়া আন্তঃমন্ত্রণালয় সভাগুলোতে সঠিক পদমর্যাদার ব্যক্তিকে পাঠাতে হবে। যাতে তিনি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন।
মোশাররাফ ভূইঞা বলেন, স্থানীয় সরকারকে, বিশেষ করে উপজেলা পরিষদকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়েছে।
তিনি বলেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। আমরা দেখেছি এক্ষেত্রে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ভালো। এ বিষয়ে সচিবদের আরো নজর দিতে বলা হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, এডিপি বাস্তবায়ন আরো জোরদার করতে বলা হয়েছে। এক্ষেত্রে সচিবদের নির্দেশনা ও তত্ত্বাবধান জরুরি।
বৈঠকে অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, বর্তমানে আমাদের সামষ্টিক অর্থনীতির ভিত্তি খুবই মজবুত, শক্তিশালী ও স্থিতিশীল। তবে শুধু অর্থ মন্ত্রণালয়ই দেশের অর্থনীতি সুদৃঢ় রাখতে পারে না, সবাইকে ভূমিকা রাখতে হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্র সচিব তার বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন। তারা প্রশাসনের বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার বিষয়ে মত দিয়েছেন।
আওয়ামী লীগের ৭ মার্চের গণমিছিল কর্মসূচিতে সরকারি কর্মচারীদের যোগ দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়টি আমার জানা নেই। এইমাত্র শুনলাম।
এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৪৪ ঘ.
bdnews24