২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার পরিকল্পনার সাড়ে ৬ হাজার পদে নিয়োগ হচ্ছে

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাড়ে ছয় হাজার শূন্য পদ পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাড়ে ছয় হাজার শূন্য পদ পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তিনি এ কথা বলেন। সরকারি দলের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদর, জেলা ও উপজেলায় বর্তমানে শূন্য পদের সংখ্যা ছয় হাজার ৫৩৭টি। এসব পদ পূরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চলতি অর্থবছরে সদর ও জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২২টি পদমর্যাদায় পাঁচ হাজার ৬৯৫টি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া মহাখালী ৫০ শয্যার জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলছে; তাজুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী রুহুল হক এ তথ্য দেন। দুই বছরে নৌ দুর্ঘটনায় নিহত ২৯৯ এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, ২০০৯ এবং ২০১০ সালে নৌ দুর্ঘটনায় ২৯৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২০০৯ সালে সাতটি লঞ্চ ও সাতটি যাত্রীবাহী নৌকা ও ট্রলার দুর্ঘটনায় ১৯৮ জন এবং ২০১০ সালে পাঁচটি লঞ্চ ও ১০টি যাত্রীবাহী নৌকা ও ট্রলার দুর্ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০০০ ঘ.