সিলেট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট এনে স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নরসিংদীর সেলিম মিয়া।
বুধবার বেলা ১টার দিকে শহরতলীর খাদিম চা বাগান সংলগ্ন একটি টিলায় রিতা বেগম সীমার (২২) লাশ উদ্ধার করে পুলিশ।
সীমা নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে এবং একই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।
সেলিম পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে এবং পাশের হযরত শাহ বদর (রহ.) মাজার এলাকা থেকে তার স্বামী সেলিমকে আটক করে।
সেলিম পুলিশকে জানান, সকালে মাজার জিয়ারতের কথা বলে সীমাকে নিয়ে তিনি সিলেট আসেন। পরে শাহ বদর (রহ.) মাজার এলাকায় নিয়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে টিলার উপর একটি গর্তে ফেলে দেন।
পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয় বলে সোহেল জানিয়েছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি খায়রুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24