২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি নাগরিক হত্যা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের মামলা

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী নিহত হওয়ার ৩৪ ঘণ্টা পর পুলিশ একটি মামলা করেছে, যাতে আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী নিহত হওয়ার ৩৪ ঘণ্টা পর পুলিশ একটি মামলা করেছে, যাতে আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের। রাজধানীর গুলশান থানার উপ রপরিদর্শক মো. জাবেদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপ পরিদর্শক মোশাররফ হোসেন বিকাল সাড়ে ৩টার পর এ মামলা দায়ের করেন। তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি।” সোমাবার রাত ১টার দিকে গুলশানের ১২০ নম্বর সড়কে গুলিবিদ্ধ হন ৪৫ বছর বয়সী খালাফ আল আলী। গুরুতর আহত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এই সৌদি নাগরিক তার দেশের দূতাবাসে কনস্যুলার বিভাগে কাজ করতেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার তার লাশের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক অ্যান্ড মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালাফ আল আলীর বুকের বাম পাশে একটি গুলি পাওয়া গেছে। গুলিটি তার কিডনিও স্পর্শ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণেই খালাফের মৃত্যু হয় বলে উল্লেখ করেন এই চিকিৎসক। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, এই সৌদি নাগরিকের মরদেহ ঢাকা মেডিকেলের হিমঘরে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৬১৪ ঘ.