ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক প্রতারণার একটি মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এ মামলায় জামিনে থাকা মজিবুর বুধবার আদালতে হাজির না থাকায় মহানগর দায়রা জজ আল আসাদ মোহাম্মদ আশিকুজ্জামান তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
২০১০ সালের ৭ ফেব্র“য়ারি ব্যবসায়ী এম রেজাউল করিম একই আদালতে মজিবুরের বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ টাকার চেক প্রতারণার এ মামলাটি করেন।
মামলায় বলা হয়, বনানী এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে বরাদ্দ পাওয়া একটি বহুতল ভবন নির্মাণের জন্য রেজাউল করিমকে আমমোক্তার নিযুক্ত করেন মজিবুর। এজন্য রেজাউলকে চেকের মাধ্যমে তিনি ১ কোটি ২০ লাখ দেন।
বাদির আইনজীবী মুনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর খামার বাড়ি শাখার কৃষি ব্যাংকে এ চেকটি নগদায়নের জন্য ২০০৯ সালের ২৩ নভেম্বর উপস্থাপন করা হলে ‘অপর্যাপ্ত তহবিল’ উল্লেখ করে চেকটি ফেরত আসে।
এরপর বাদি আইনজীবীর মাধ্যমে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার সাবেক সংসদ সদস্য মজিবুরকে প্রথমে আইনি বিজ্ঞপ্তি পাঠান এবং পরে মামলা করেন।
আইনজীবী মুনজুর জানান, মজিবুর এর আগে এ মামলায় গ্রেপ্তার হয়ে জামিন নিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/আরএ/১৪০৩ ঘ.
bdnews24