২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য দিতে গিয়ে শুধু কাঁদলেন সামিউলের বাবা

আবেগাপ্লুত কে আর আজম পুরো বক্তব্য দিতে না পারায় আগামী ৯ এপ্রিল তার অবশিষ্ট জবানবন্দি নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঞ্চল্যকর সামিউল হত্যা মামলায় তার মা ও তার কথিত প্রেমিকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন শিশুটির বাবা কে আর আজম। মামলার বাদি আযমের কান্নায় বুধবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের এজলাসের পরিবেশ ভারী হয়ে ওঠে। সাক্ষী হিসাবে আযম তার জবানবন্দিতে নিজের নাম ঠিকানা বলার পর কান্নায় ভেঙে পড়েন। এ কারণে তিনি ঘটনার পুরো বিবরণ দিতে না পারায় বিচারক জেসমিন আনোয়ার আগামী ৯ এপ্রিল তার অবশিষ্ট জবানবন্দি গ্রহণের তারিখ ঠিক করেন। সামিউলের মা আয়েশা হুমায়রা এশা (২৫) এবং তার কথিত প্রেমিক মো. শামসুজ্জামান বাক্কুকে (৩৮) বুধবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ১ ফেব্র“য়ারি একই আদালতে এশা ও বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাদির আইনজীবী আমিনুল গণী টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ মার্চ এ মামলায় সাক্ষ্য দিতে বাদির প্রস্তুতি না থাকায় বুধবার তারিখ রাখা ছিল। মা ও তার প্রেমিকের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন রাতে রাজধানীর আদাবরে খুন হয় পাঁচ বছর বয়সী খন্দকার সামিউল আজিম। তাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রাখা হয় মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে বাসার পাশে। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম (৪২) আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে এশা ও বাক্কুর বিরুদ্ধে মামলা করেন। মামলায় তদন্ত কর্মকর্তা আদাবর থানার ওসি কাজী শাহান হক গত বছরের ২৫ অক্টোবর ওই দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭২৪ ঘ.