২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হত্যাকাণ্ডের সঙ্গে ওই ব্যবসায়ীর শ্বশুরবাড়ির কেউ জড়িত কি না- তা খতিয়ে দেখছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 04:41 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে আনোয়ার হোসেন নামে ব্যবসায়ী গুলিতে নিহত হয়েছেন। তিনি গার্মেন্টের ঝুট কাপড়ের ব্যবসা করতেন। আদাবর থানার উপ পরিদর্শক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আদাবর ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার (৩০) ওই সড়কের ৩ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। উপ পরিদর্শক মোক্তার বলেন, রাতে বাড়ি ফেরার সময় ১৩ নম্বর রোডের মাথায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের গুলিতে আহত হন আনোয়ার। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোক্তার বলেন, “আনোয়ারের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভাল ছিল না বলে আমরা জানতে পেরেছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে শ্বশুরবাড়ির কেউ জড়িত কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে।” আনোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০৩৪ ঘ.