২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লঞ্চ-কার্গো সংঘর্ষ, নিহত ১

বরিশালের কীর্তনখোলা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সিমেন্টের কাঁচামালবাহী একটি কার্গোর সংঘর্ষে মালবাহী নৌযানটির মাস্টার নিহত হয়েছেন। আহত হয়েছেন কার্গোর তিন শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 04:18 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

বরিশাল, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের কীর্তনখোলা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সিমেন্টের কাঁচামালবাহী একটি কার্গোর সংঘর্ষে মালবাহী নৌযানটির মাস্টার নিহত হয়েছেন। আহত হয়েছেন কার্গোর তিন শ্রমিক। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মধ্য চরবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত বাচ্চু (৫৫) এমভি নাশেক-২ নামের কার্গোটির মাস্টার। তিনি ফেনীর দাগনভূঁইয়ার চন্দ্রিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আহত মিরাজ (২৭), আয়াজ (২৫) ও মোমিন টালীর মধ্যে প্রথমজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্গোর সুকানী ধনু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলকাতার ভজভজ থেকে ৬০৬ টন ফ্লাই অ্যাশ নিয়ে ঢাকা যাচ্ছিলো এমভি নাশেক-২। ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের সঙ্গে কার্গোর সংঘর্ষ হয়। এতে কার্গোর ডান দিক দুমরে মুচরে মাস্টার ব্রিজ ভেঙে ঢুকে পড়ে লঞ্চের সামনের দিক।” এ সময় মাস্টার ব্রিজে থাকা বাচ্চু তাৎক্ষণিকভাবে মারা যান বলে ধনু মিয়া জানান। মাস্টার ব্রিজে থাকা মিরাজ মাথা ,হাত-পাসহ শরীরে বিভিন্ন অংশে আঘাত পান। আহত হন কার্গোর কেবিনে থাকা বাবুর্চি মোমিন টালী ও আয়াজও। সুকানী ধনু মিয়া যাত্রীবাহী লঞ্চটির নাম জানাতে না পারলেও মামুন নামে স্থানীয় এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৭ এর সঙ্গে এই সংঘর্ষ ঘটে। মামুনের এক আত্মীয় ওই লঞ্চের যাত্রী ছিলেন। এ বিষয়ে সুন্দরবন-৭ লঞ্চের সুপার ভাইজার মো. হারুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কিছু জানি না।” কার্গোর মালিক প্রতিষ্ঠান এফএন লাইনের ব্যবস্থাপক মো. করিম বলেন, স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরির জন্য ফ্লাই অ্যাশ নিয়ে আসছিলো নৌ যানটি। দুর্ঘটনায় কার্গোটি নদীর মাঝখানে একদিকে কাত হয়ে যাওয়ায় ফ্লাই অ্যাশ নদীতে ফেলে দেওয়া হচ্ছে। লঞ্চ মালিকের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান করিম। বরিশালের কাউনিয়া থানার এ এসআই মনিরুল ইসলাম বলেন, “আমরা ব্রিজ ভেঙে লাশটি বের করার চেষ্টা করছি। দুর্ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৫ ঘ.