ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড তদন্তের সর্বশেষ অগ্রগতি সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম।
মঙ্গলবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে তিনি ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিবৃতি দাবি করেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছেন মন্তব্য করেন ফজলুল আজিম বলেন, “নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রথমত ও প্রধানত রাষ্ট্রের, তথা সরকারের। গত তিন বছরে বর্তমান সরকার কতটুকু তা পেরেছে, কতটুকু সফল হয়েছে জাতি তা বিচার করবে।”
“আমাদের বিচারে আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশনে উপস্থিত ছিলেন না।
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সর্বশেষ সংবাদ জানতে জাতি অধীর আগ্রহে রয়েছে বলে মন্তব্য করেন নোয়াখালী-৬ আসনের এই সংসদ সদস্য।
সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী ৩০০ বিধিতে স্পিকারের অনুমতি সাপেক্ষে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে বক্তব্য দিতে পারেন কোনো মন্ত্রী। এ বক্তব্য উপস্থাপনের সময় প্রশ্নের কোনো সুযোগ থাকে না।
বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর প্রায় তিন সপ্তাহ হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সাগর-রুনি হত্যাকাণ্ডের পর আদালতের রুলের কারণে গণমাধ্যম এখন কিছু লিখছে না বলেও মন্তব্য করেন ফজলুল আজিম।
সপ্তাহখানেক আগে আদালত এক নির্দেশে এ হত্যাকাণ্ডের বিষয়ে অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ না করার নির্দেশ দেয়।
বর্তমানে দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই বলেও উল্লেখ করেন আজিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/আরএ/পিডি/২২২৪ ঘ.
bdnews24