ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তার বুকে লাগা গুলিটি কিডনিতে গিয়ে আঘাত করেছিলো। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেসিক অ্যান্ড মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
সোমবার রাত ১টার দিকে গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯/ বি নম্বর বাসার পাশের দেওয়াল ঘেঁষা রাস্তায় গুলিবিদ্ধ হন খালাফ আল আলী নামে ওই সৌদি দূতাবাস কর্মকর্তা। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
কামরুল হাসান সরদার বলেন, “খালাফ আল আলীর বুকের বাম পাশ থেকে একটি গুলি বের করা হয়েছে। গুলিটি বুকের বাম দিক দিয়ে ঢুকে কিডনিতে গিয়ে আঘাত করে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে খালাফ আল আলীর মৃত্যু হয়েছে।”
নিহতের শরীরে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এদিকে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত সৌদি দূতাবাসের কর্মকর্তার লাশ ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১১৭ ঘ.
bdnews24