সাভার, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচনে বিরোধের জেরে ঢাকার ধামরাইয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া আরো দু’জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌহাটে নিহত পান্নু মিয়া (৩৬) ওই এলাকার খোরশেদ আলী নায়েবের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগকর্মী এবং সাবেক সেনা সদস্য বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুস সাত্তার এবং আরমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চৌহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদল সভাপতি রফিকুল হাসান মোকছেদের সঙ্গে আওয়ামী লীগকর্মী পান্নু মিয়ার বিরোধ চলছিল।
পান্নু ছিলেন নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদের প্রার্থী মোকছেদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের সমর্থক।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে পান্নু তার তিন সহযোগীসহ একটি দোকানে চা পান শেষে ধলেশ্বরীর চরের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
পথে চেয়ারম্যান সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই পান্নু নিহত হন।
এ ঘটনার পর থেকে চেয়ারম্যান রফিকুল হাসান মোকছেদ ও তার লোকজন পালিয়ে গেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এ ব্যাপারে রফিকুল হাসান মোকছেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24