সুনামগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ব্যানার লাগানো নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শী।
আহতদের মধ্যে সালাহ উদ্দিন (২২) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অপর আহতদের মধ্যে রয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আহাদ (৪০), ছাত্রলীগকর্মী মুরাদ আহমদ (২০), মারুফ হোসেন (২১), ফয়সল আহমদ (২০), সজিব মালাকার (১৯), জাহাঙ্গীর হোসেন (২৪), ছাত্রদল নেতা সিরাজ মিয়া (২৮), বাদশা (২৫), সানী আহমদ (২০) ও পথচারী দিলফর মিয়া (৪৫)। বাকিদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ছাতক থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ সাহা বলেন, দুপুরে ছাত্রদলের কিছু নেতাকর্মী ক্যাম্পাসে ব্যানার লাগাতে গেলে ছাত্রলীগের কর্মীরা এতে বাধা দেয়। এনিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রথমে কথা কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24