ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান।
মঙ্গলবার মুক্তিভবনে দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তিনি।
মনজুর বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হলে সাম্রাজ্যবাদের কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা ত্যাগ করতে হবে।”
চলমান দ্বি-দলীয় রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে সব বাম শক্তির সমন্বয়ে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সংক্ষিপ্ত সমাবেশের পর মুক্তিভবন থেকে মিছিল বের করে সিপিবি।
সমাবেশে আরো বক্তব্য দেন সিপিবি নেতা লক্ষ্মী চক্রবর্তী, আহসান হাবিব লাবলু, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/১৯০৫ ঘ.
bdnews24